ওগো শুনছো?

ওগো শুনছো? কথোপকথন
                এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

স্ত্রী- ওগো শুনছো? কিগো শুনছো?
যায় না কানে কথা?
সকাল থেকে বলছি আমার
ভীষণ কোমর ব্যথা৷
কী আক্কেলের মানুষ তুমি!
সিমপ্যাথি নেই মোটে!

টেরটি পাবে আমার যদি
তেমন কিছু ঘটে৷
স্বামী – সবই শুনছি, সবই দেখছি
সাধে কী আর বলি
কুড়িটি বছর আসছি শুনে
এই ব্যথার পাঁচালী৷

কখনও হাতে, কখনো পায়ে
গোড়ালি থেকে মাথা
চিনচিন, টনটন-
নানান রকম ব্যথা!

স্ত্রী – এমনটাই বলবে তুমি,
এটা আমি জানি,
বিয়ের আগে তো বলেছিলে-
বানিয়ে রাখবে রাণী৷
ঘরে তুলে দাসীর মত
উনুনে দিলে গুঁজে,
কুড়িটা বছর জ্বলেপুড়ে
আছি মুখটি বুজে৷

স্বামী – মুখ বুজে আছ তুমি!
হোয়াট অ্যা ফানি টক!
কাক পক্ষী ও পালায় শুনে
তোমার বকবক
তোমার চোপায়, তোমার ঝালে,
তোমার বাক্যবাণে-
আমি কেন! পাড়াপরশিও
তুলো গুঁজে কানে৷

স্ত্রী – এখন আমার কথা শুনলেই
ফোস্কা পড়ে গায়ে!
মুখে তো আমার ফুটিয়েছ কথা
তোমরাই মায়ে পোয়ে !!
বিয়ের আগে ছিলাম আমি
কেমন মৃদু ভাষী,
বলতো সবাই- লক্ষী মেয়ে,
কী মিষ্টি হাসি৷

স্বামী – হয়েছে হয়েছে, খুব হয়েছে
কী বলব আর,
বিয়ের পর বলল সবাই
বউ তো নয়-
এ যেন এক জ্যান্ত লাউডস্পিকার!

স্বভাবখানিও তোমার ছিল
ছুরির মতই ধার,
কুড়িটা বছর ডিসেকসনে ,
জীবনটা জেরবার!

স্ত্রী – আমাকেও তো বিয়ের আগে
বলেছিল সবাই –
কেমন ছেলে বাছলি মিনু-
গবেট, ভ্যাবলা, ভোঁদাই৷
প্রেমে অন্ধ আমি তবুও
তোমায় দিলাম মালা
নিজের পায়ে কুড়ুল মেরে
সইছি এখনও জ্বালা৷

স্বামী – জ্বালার কথা আমায় বলে
নুন দিলে কাটা ঘায়ে!
ছিলাম কেমন পুরুষ সিংহ,
তোমার হাতে পড়ে
বেড়াল হয়ে ঘুরছি-
এখন তোমার পায়ে পায়ে৷
খাটিয়ে মারলে গাধার মত,
নাচালে বাঁদর নাচ,
বটির পাশে উল্টে আছি
যেন মরা মাছ!

স্ত্রী – কী অলক্ষুণে কথার ছিড়ি,
কীসব আসে মুখে-
একেই বলে ভূতে কিলোয়
থাকলে পরে সুখে !!
মান অভিমান, ঝগড়া ঝাটি,
যত কিছুই হোক-
প্রার্থনা করি- আয়ু তোমার
একশ বছর হোক৷

স্বামী – আরে আরে! কাঁদছো কেন!
এসো আমার বুকে !!
যতই করি হম্বিতম্বি,
যতই বলি মুখে !
তুমিই শুধু সঙ্গী আমার
সকল দুঃখ সুখে !!
স্ত্রীরা সঙ্গে আছে বলেই
পুরুষ দেখায় বাহাদুরি
তুমি আমার শক্তির আধার
নেই কো তোমার জুড়ি !!

( কবিতাটির লেখকের পরিচয় পাওয়া যায়নি। এটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত। কবিতাটি অনেকেই নিজের নাম দিয়ে ফেসবুকে প্রকাশ করেছেন। তাই এর নির্ভরযোগ্য সূত্র মেলেনি। শুধু পাঠকদের আনন্দ দানের জন্য লেখাটি প্রকাশ করা হলো। )

পড়তে পারেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা-  চিনতে পারোনি?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top